আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ কোস্টগার্ড, নৌবাহিনী, বিজিবি, এনএসআই, আনসার, সিআইডি এবং জেলা নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনা দেন।
ব্রিফিংয়ে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, র্যাব, নৌবাহিনী ও কোস্টগার্ডসহ যৌথ বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। মাঠ পর্যায়ে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি একটি বৈষম্যহীন ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়াকে প্রশাসনের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
একই দিন চরফ্যাশন টি.বি. স্কুল মাঠে পৃথকভাবে আরেকটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সুপার বলেন, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের অধীনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। ভোলা ও চরফ্যাশন এলাকার প্রতিটি আসন ও ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার অরিত সরকার (তজুমদ্দিন সার্কেল) ও মো. মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল)সহ জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলা জেলা পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, জেলার প্রতিটি ভোটারের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।









