ঢাকা,  শনিবার  ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

থাকছে ড্রোন নজরদারি

ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ২১:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে নজরদারি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে মনিটরিং করা হবে, যাতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

কোস্টগার্ড মহাপরিচালক আরও জানান, দুর্গম ও উপকূলীয় এলাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগামী নৌযান ও স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে কোস্টগার্ডের মহাপরিচালক ভোলায় এসে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার।
 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন