ঢাকা,  বৃহস্পতিবার  ১২ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দুর্গম এলাকায় বাড়তি নিরাপত্তা

ভোলার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৬:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলার কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ব্যালট পেপার, ভোটের বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫২৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে নদীবেষ্টিত ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে আগেভাগেই সরঞ্জাম পাঠানো হচ্ছে, যাতে ভোটের দিন পরিবহন বা যোগাযোগ–সংক্রান্ত কোনো বিঘ্ন না ঘটে।

সরঞ্জাম গ্রহণের সময় একাধিক প্রিজাইডিং কর্মকর্তা বলেন, নির্ধারিত তালিকা অনুযায়ী সব উপকরণ বুঝে নেওয়া হচ্ছে এবং কেন্দ্রভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দুর্গম কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রয়োজনে বিশেষ জলযান ও হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকার ধরন অনুযায়ী পাঁচ ও ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে ব্যালট পেপার ও ভোটের বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

জেলার চারটি সংসদীয় আসনে ভোটার রয়েছেন ১৬ লাখের বেশি। এসব আসনে ১০টি রাজনৈতিক দলের মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন