ঢাকা,  শনিবার  ২১ মার্চ ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে

‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব

প্রকাশিত: ১২:৪৪, ১৯ মার্চ ২০২৬

‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেহেদি উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘প্রাণের পটুয়াখালী’। খুশির ছোঁয়া প্রতিটি হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই উৎসব শিশুদের মধ্যে সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ।

সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়। উৎসবে শিশুদের হাতে রঙিন মেহেদি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিশুকে বাসায় নেওয়ার জন্য একটি করে মেহেদিও দেওয়া হয়।

দিনভর হাসি-আনন্দে মুখর ছিল পুরো আয়োজন। দীর্ঘদিনের বঞ্চনা ভুলে এমন আনন্দঘন মুহূর্তে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

সংগঠনের অ্যাডমিন ও ক্রিয়েটর মেহেদি হাসান পিয়াল বলেন, একটি ফেসবুকভিত্তিক গ্রুপ থেকে ‘প্রাণের পটুয়াখালী’র যাত্রা শুরু। শুরু থেকেই তারা সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত থেকে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করছেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও অ্যাডমিন সাইফুন আর বায়োজিদ জানান, ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে পৌঁছে দেওয়া তাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে থাকা শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

উৎসব শেষে শিশুদের মাঝে সামান্য উপহার বিতরণ করা হয়, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন