ঢাকা,  মঙ্গলবার  ১০ মার্চ ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মো সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১১:২২, ৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪০, ৯ মার্চ ২০২৬

র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মানববন্ধন ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার (৮ মার্চ) ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট এলাকার জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্মার্ট পোল্ট্রি ও ফিসারিজ’ উপপ্রকল্পের আওতায় ব্যাংকের হাট মডেল পরিবেশ ক্লাব ও ভেদুরিয়া মডেল পরিবেশ ক্লাব যৌথভাবে এ আয়োজন করে।

সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ব্যাংকের হাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জিজেইউএসের নারী বাইকার ডা. সাথি আক্তার ও ঐশী মজুমদার।

র‍্যালি শেষে জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিস, ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এবং সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনভায়রনমেন্ট ও এলআইসিপি অফিসার মো. মানসুর আলম সিকদার এবং মো. মেরছালিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সমতা নিশ্চিত করা এবং উন্নয়নের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা সময়ের দাবি। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে নারী দিবস উপলক্ষে পরিবেশ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত পিপিইপিপিইইউ প্রকল্পের আওতায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ইলিশা ও কাচিয়া ইউনিয়ন এবং চরফ্যাশন উপজেলার এওয়াজপুর, হাজারীগঞ্জ ও পটুয়াখারী ইউনিয়নসহ পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার চর মেন্তাজ ইউনিয়নে মোট ছয়টি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি সদস্য, কারিগরি কর্মকর্তা, প্রকল্প সমন্বয়কারী ও সহকারী কারিগরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিআরইএ প্রকল্পের উদ্যোগে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এম্বাসি অব সুইডেনের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী সংগঠনের সদস্য, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সমতাভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন