পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সবুজবাগ ইউথ ফোর্স। সংগঠনটির উদ্যোগে “ইফতার সামগ্রী উপহার –২০২৬” কর্মসূচির আওতায় এলাকার ২০০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির সিনিয়র সদস্য কাজী সাদমান সামিন জানান, তারা বিগত ৫ বছর ধরে "সম্প্রীতি ও সৌহার্দ্যের"- নেতৃত্বে পবিত্র রমজান মাসজুড়ে ক্ষুধার্ত, অনাহারী ও ভ্রাম্যমাণ রোজাদারদের জন্য নিয়মিত ইফতার আপ্যায়নের আয়োজন করে আসছেন। এ ধারাবাহিকতার অংশ হিসেবেই এ বছর ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের পরিবারগুলো বেশ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে বন্ধু, পরিবার ও স্থানীয় সবার সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই কর্মসূচির আওতায় ১৫ দিনের জন্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী সম্বলিত ২০০টি প্যাকেজ প্রস্তুত করে অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে খেজুর, ছোলা, মসুর ডাল, মুড়ি, চিড়া, সয়াবিন তেল, বেসন, আলু ও চিনি সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সংগঠনটির পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব-এর প্রতি। সংগঠনের সদস্যরা জানান, তিনি সবসময় তাদের জন্য অনুপ্রেরণা ও শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছেন এবং তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা তাদের এ ধরনের মানবিক কাজে উৎসাহ জুগিয়েছে।
সংগঠনের মুখ্য সংগঠক মেহেদী হাসান (অর্ণব) বলেন,
“রিজিক আল্লাহর পক্ষ থেকেই আসে, আমরা শুধু সেই রিজিক তাঁর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম মাত্র।”
তিনি আরও জানান, অনেক মানুষের আন্তরিকতা, ছোট ছোট দান, সময় ও শ্রমের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশেষভাবে সি.কে ফ্রোজেন ফিশ নর্থ আমেরিকা ও দেশি ডিস্ট্রিবিউটর্স আমেরিকা-কে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এভাবে পাশে থাকার আহ্বান জানানো হয়।
এরই সাথে সবুজবাগ ইউথ ফোর্সের সকল সদস্যদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের আপ্রাণ চেষ্টা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই মানবিক উদ্যোগটি বাস্তবে রূপ নিতে সক্ষম হয়েছে।
সবুজবাগ ইউথ ফোর্সের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।









