“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন ইউনিয়নে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এসব কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, কাচিয়া ও ইলিশা ইউনিয়ন, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ও হাজারীগঞ্জ ইউনিয়ন এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে বক্তারা অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজের মূলধারায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; বরং যথাযথ পরিচর্যা, মানসম্মত শিক্ষা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে অটিজমসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী, কারিগরি কর্মকর্তা, সহকারী কারিগরি কর্মকর্তা, শাখা ইনচার্জ, পিভিসি সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিএনএইচপি।
আয়োজকরা জানান, অটিজম সম্পর্কে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে সহনশীল, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।









