এক সময় পটুয়াখালীর রাজপথে স্লোগান মাস্টার খ্যাত ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন আ.স.ম. ফিরোজ। ছাত্র রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নেতৃত্বের যে পথচলা শুরু হয়েছিল, আজ তা পৌঁছেছে এশিয়ার সর্ব বৃহত্তম ঢাকা আইনজীবী সমিতি–এর নেতৃত্বে।
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে শপথ নেবেন আ.স.ম. ফিরোজ।
পটুয়াখালীর রাজনীতি সচেতন মহলে তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত একজন দক্ষ সংগঠক হিসেবে। ছাত্রজীবনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক ও আইনি সহায়তামূলক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি। পরে আইন পেশায় যুক্ত হয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে।
সহকর্মীরা বলছেন, তরুণ আইনজীবীদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের আইনি সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আ.স.ম. ফিরোজ বলেন, “আইনজীবীদের কল্যাণ ও মানবিক সহায়তামূলক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি তরুণ আইনজীবীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
পটুয়াখালীর রাজপথ থেকে দেশের বৃহৎ আইনজীবী অঙ্গনে নেতৃত্বের এই যাত্রাকে অনেকেই দেখছেন পরিশ্রম, অধ্যবসায় ও দীর্ঘ রাজনৈতিক-সামাজিক সম্পৃক্ততার এক অনন্য উদাহরণ হিসেবে।









