এক দিনের সফরে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউসে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় করেন।
সিলেটে এক দিনের সফরে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।









