ঢাকা,  মঙ্গলবার  ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বসুন্ধরা সিটির সামনে বিএনপি নেতাকে গুলি

তামহীদ খান তিশাদ

প্রকাশিত: ১১:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বসুন্ধরা সিটির সামনে বিএনপি নেতাকে গুলি

ছবি প্রতিকী

বাম হাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। আহত মো. শফিকুর রহমান (৫৫) কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। 

রোববার রাত সোয়া ১১টার দিকে বাম হাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শফিকুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। 

আহতকে হাসপাতালে নেওয়া ফুটপাতের দোকান মালিক শাহ পরান বলেন, শফিকুর ভাই রাজনীতির পাশাপাশি ফুটপাতের দোকানে পাইকার হিসেবে জুতা সাপ্লাই দিতেন। রাত ১০টার দিকে আমার দোকানের পাশে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা শফিকুর ভাইয়ের বাম হাতের তালুতে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শফিকুর নামে এক ব্যক্তিকে বাম হাতে জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি তিনি কলাবাগান থানাধীন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক। চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন