ঢাকা,  শুক্রবার  ১৯ জুন ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৪:৩২, ২৭ এপ্রিল ২০২৬

ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ভোলার সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ২০২৫–২৬ অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব বেল্লাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার বিভিন্ন খাল পুনঃখনন করা হবে। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এ প্রকল্প ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাল পুনঃখননের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী—এতে কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতার দুর্ভোগ কমবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন