ঢাকা,  শুক্রবার  ১৯ জুন ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী

অনলাইন ডেক্স

প্রকাশিত: ১৮:০৩, ২৭ এপ্রিল ২০২৬

ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী চাকরি মেলায় ১২৭ জন নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও চাকরিপ্রত্যাশীদের মিলনমেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গন।

সোমবার (২৭ এপ্রিল) ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকার ফাতেমা খানম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। এতে সহযোগিতা করে ইউনিসেফ।

আয়োজকেরা জানান, মেলায় অংশ নেওয়া ২৮৭ জন নারী চাকরিপ্রত্যাশীর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়। পাশাপাশি সম্ভাবনাময় ৯ জন নারী উদ্যোক্তাকে ঋণ সহায়তার আওতায় আনা হয়েছে।

চাকরি পাওয়া কয়েকজন তরুণী বলেন, এই মেলায় অংশ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়ে তারা আনন্দিত। এতে পরিবারের আর্থিক সহায়তায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

মেলায় নারীদের তৈরি বিভিন্ন পণ্যের ১৪টি স্টল বসানো হয়। এসব স্টলে হস্তশিল্পসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের আগ্রহ কাড়ে।

অনেক অংশগ্রহণকারী ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান বলেও জানান তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করবে।

ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার মাহমুদ বলেন, স্থানীয় নারী উদ্যোক্তাদের উন্নয়নে সংস্থাটি প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে, যাতে তারা টেকসইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।

উল্লেখ্য, ১৫ থেকে ২৪ বছর বয়সী ঝরে পড়া তরুণীদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কাজ করছে ইএসডিও। এই মেলাটি ছিল সেই উদ্যোগেরই অংশ, যেখানে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন