ঢাকা,  শুক্রবার  ১২ জুন ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

‘খালের শহর’ বরিশাল রক্ষায় নাগরিক ভাবনা সভায় নানা সুপারিশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০০, ১১ জুন ২০২৬

‘খালের শহর’ বরিশাল রক্ষায় নাগরিক ভাবনা সভায় নানা সুপারিশ

 

অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে জলাশয় ভরাট এবং অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে গুরুতর পরিবেশগত সংকটে পড়েছে কীর্তনখোলা নদীবিধৌত বরিশাল নগরী। এ সংকট মোকাবিলায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নগরীর খালগুলোর দখল ও দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (১০ জুন) বিকেলে বরিশাল নগর ভবনের সভাকক্ষে আয়োজিত ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি ও সুপারিশ উঠে আসে। ‘জলবায়ু পরিবর্তন, আমাদের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভার আয়োজন করে ‘বরিশালের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ’।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

মতবিনিময় সভায় অংশ নেওয়া পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, এক সময়ের ‘খালের শহর’ হিসেবে পরিচিত বরিশাল ধীরে ধীরে তার স্বকীয়তা হারাচ্ছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগর পরিবেশকে দূষিত করছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে সুপেয় পানির সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাঁরা বলেন, পরিবেশগত এই বিপর্যয় মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে নগরীর খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, “বরিশালকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নাগরিক সমাজের দেওয়া পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।”

সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির ও নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষে অংশ নেন সহকারী কমিশনার মো. সফিক ও মো. গোলাম কিবরিয়া।

এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার মো. পারভেজ খান, সেইন্ট-বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর কবির, পরিবেশ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দীন মানিক (বীর প্রতীক), সবুজ আন্দোলনের আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক সভায় অংশ নিয়ে পরিবেশ সুরক্ষায় তাঁদের মতামত তুলে ধরেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন